নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের প্রচলিত রাজনীতির চেনা ছকের বাইরে গিয়ে এক ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা ও সাবেক ছাত্রনেতা সাগর আহমেদ আলী। এক যুগেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে থাকলেও তার নামে নেই কোনো চাঁদাবাজি, দখলবাজি বা সন্ত্রাসের অভিযোগ। বরং স্বচ্ছ ভাবমূর্তি আর জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন উত্তরার সাধারণ মানুষের আস্থার ঠিকানা।
পারিবারিকভাবে বিত্তশালী হওয়া সত্ত্বেও আভিজাত্যের বৃত্তে নিজেকে সীমাবদ্ধ রাখেননি সাগর। তার রাজনীতির মূল দর্শন হলো—নিজের সম্পদ সবার সঙ্গে ভাগ করে নেওয়া। করোনা মহামারি, ভয়াবহ বন্যা, হাড়কাঁপানো শীত কিংবা বর্তমানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—যেকোনো সংকটে তাকে পাওয়া যায় সাধারণ মানুষের পাশে। নিজের একক প্রচেষ্টায় ও অর্থায়নে তিনি নিরলসভাবে আর্তমানবতার সেবা দিয়ে যাচ্ছেন।
চলমান পবিত্র রমজান উপলক্ষেও তার মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের দিকনির্দেশনায় উত্তরা ৯ নম্বর সেক্টরে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করছেন তিনি। পহেলা রমজান থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন বিপুল সংখ্যক শ্রমজীবী ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন এই নেতা।
স্থানীয়দের মতে, সাগরের কাছে গিয়ে কেউ কখনো খালি হাতে ফেরেন না। সংকটে পড়লে তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ান। কিশোর গ্যাং বা অস্থিতিশীল রাজনীতির এই যুগে সাগর আহমেদ আলীর মতো পরিচ্ছন্ন ও মানবিক নেতার উপস্থিতি রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিচ্ছে।
সাগর আহমেদ আলী জানান, পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা পাওয়াটাই তার কাছে বড় পাওয়া। ভবিষ্যতেও এভাবেই সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান তিনি।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে