ডেস্ক রিপোর্টঃ আজ বৃহস্পতিবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এতে পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম।
এছাড়া এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে উত্তরা বিভাগ। আর শ্রেষ্ঠ থানা হয়েছে উত্তরা পশ্চিম থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন আদাবর থানার এসআই মো. কবির উদ্দিন ও ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আক্তারুজ্জামান মন্ডল পলাশ ও মুগদা থানার এএসআই আমিরুল ইসলাম।
টানা পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ২০২৫ সালের আগস্ট মাস থেকে উত্তরা পশ্চিম থানার দায়িত্বে রয়েছেন। এই সময়ে থানাটি মাদক, ছিনতাই, চুরি ও অন্যান্য সাধারণ অপরাধ থেকে মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে সম্পর্ক জোরদার করে থানাকে একটি জনবান্ধব পুলিশ ইউনিটে পরিণত করেছেন।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে